আফগানিস্তানের নতুন মন্ত্রীসভায় নারী প্রতিনিধি না থাকায় হাতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে।
আফগান সরকার নারী কর্মকর্তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান ও নারীদের শিক্ষা চালু রাখার পরও মন্ত্রীসভায় নারী প্রতিনিধি না থাকায় জাতিসংঘের এ কর্মকর্তা একে দেশটির নতুন ‘বিপজ্জনক’ অধ্যায় বলে দাবি করেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) জেনেভায় মানবাধিকার পরিষদে তিনি এ দাবি করেন।
জাতিসংঘের এই কর্মকর্তার মতে, তালেবান নারীরাসহ জাতিগত এবং ধর্মীয় অনেক সম্প্রদায়ই গভীরভাবে উদ্বিগ্ন। তালেবান নারী অধিকার সমুন্নত রাখার আশ্বাস দিলেও গত তিন সপ্তাহে এর উল্টোটাই দেখা গেছে। তারা নারীদেরকে অন্তরালে রেখেছে।
তিনি দাবি করে বলেন, আফগানিস্তানের তালেবান শাসকরা নারী অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা ভঙ্গ করছে। তারা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে, কিশোরীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে বলেও দাবি করেন জাতিসংঘ এ কর্মকর্তা।












