বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আজ দুইটি ধারা সৃষ্টি হয়েছে। একদিকে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের নেতৃত্ব, যারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি। অন্যদিকে একাত্তরের পরাজিত শক্তি- রাজাকার, আল বদরদের দল জামায়াতে ইসলামী আর নব্য রাজাকার পাকিস্তানের সৃষ্ট বিএনপি। তারা স্বাধীনতা বিরোধী শক্তি। আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন অগ্রযাত্রায় ঊর্ধ্বমুখী গতিতে চলমান, ঠিক তখনই এই স্বাধীনতা বিরোধী অপশক্তি উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ) বাংলাদেশ আওয়ামী লীগের নাসিরনগর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, কথায় কথায় সরকারের সমালোচনা করেন, কথায় কথায় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চান। এর আগে হরতাল-অবরোধ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছেন। কিন্তু তা সফল হয়নি। আর ভবিষ্যতেও বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সফল হবে না। যতদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তা ব্যর্থতায় পর্যবসিত হবে।
তিনি আরও বলেন, বিএনপিকে জিজ্ঞেস করি- আপনাদের নেতাটা কে? তারা স্বীকার করত না। তাদের নেতা তারেক রহমান, এটা বলতে তারা একটু লজ্জা পেত। কারণ তারেক এ দেশের দণ্ডপ্রাপ্ত, দুর্নীতিবাজ ও খুনি হিসেবে চিহ্নিত নয়, আন্তর্জাতিক আদালতেও সে একজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। এমন একজন নেতার সাথে রাজনীতি করছেন বিএনপি, আবার বড় বড় কথা বলেন।
হানিফ বলেন, ঊর্ধ্বমুখী গতিতে আজ বাংলাদেশের সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু করেছি। চট্টগ্রামের কর্ণফুলী টানেল অর্থাৎ নদীর নিচ দিয়ে রাস্তা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ফোরলেন ও সিক্সলেন রাস্তা হচ্ছে। ঢাকাবাসীর যানজট নিরসনে মেট্রোরেল, বিশ্বায়নের দ্বার এক্সপ্রেসওয়েসহ নানা উন্নয়ন হচ্ছে। এভাবে দেশ যখন মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছে, ঠিক সেই সময়েও বিএনপি-জামায়াত মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে চায়।










