বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার উন্নয়নের জোয়ারে দেশকে নয়, গণতন্ত্রকে দেশ থেকে ভাসিয়ে দিচ্ছে। এ দেশের মানুষ অবশ্যই সেই গণতন্ত্র ফিরিয়ে আনবে। সরকার দাবি করে যে তারা নাকি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। কোন উন্নয়ন? যে উন্নয়নে গণতন্ত্র ভেসে যাচ্ছে? এটাই হচ্ছে আসল এবং সত্যি কথা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) এক আলোচনা সভায় এসব কথা বলেন ড. মঈন খান।
মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এ দেশের সাধারণ মানুষ ও সিপাহী জনতার ডাকে এ দেশের দায়িত্ব নিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন-ঠিক সেভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়ে আগামীতে দেশের গণতন্ত্রকে মানুষের হাতে ফিরিয়ে দেবেন।
তিনি বলেন, আমরা রাজপথে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এ দেশের মানুষকে গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যতক্ষণ না একটি গণতান্ত্রিক সরকার ফিরিয়ে দিতে পারব, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না।










