বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বেগম খালেদা জিয়াকে গতকাল হাসপাতালে নিতে হয়েছে। কয়েকদিন ধরে তার অল্প অল্প জ্বর আসছিল। তার যে ব্যক্তিগত চিকিৎসক ছিল তারা দেখেছেন। জেলের তিন বছর তার কোনও এক্সামিন, টেস্ট হয়নি। এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয়নি। তার যে রোগ আছে, তা এখানে করা সম্ভব নয়। যেখানে সব ধরনের রোগের চিকিৎসা একসঙ্গে দেওয়া হয়, সেখানে নিয়ে চিকিৎসা দিতে হবে এবং তা বাংলাদেশে সম্ভব নয়।
বুধবার (১৩ অক্টোবর) বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকী’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুআ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ইচ্ছে করে খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না, বেগম জিয়াকে তার প্রাপ্য জামিন দেন। উনি তো দয়া চাচ্ছেন না। তার ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন আমাদের এই বিচার ব্যবস্থা।










