ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানীর সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানবিষয়ক ইউরোপীয় ইউনিয়নের নতুন বিশেষ দূত থমাস ফ্রেলেসেন। বৈঠকে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই পক্ষের সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) কাবুলে অনুষ্ঠিত বৈঠকে ফ্রেলেসেনের সঙ্গে তার প্রতিনিধিদলও উপস্থিত ছিল। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় আফগানিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় মাদকবিরোধী কার্যক্রম, আফগান শরণার্থীদের পরিস্থিতি ও দেশে ফিরে আসার প্রক্রিয়া এবং বিভিন্ন মানবিক বিষয় নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন। একই সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার অমীমাংসিত সমস্যা সমাধানে আঞ্চলিক প্রচেষ্টার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ আফগানিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলমান যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
থমাস ফ্রেলেসেন সম্প্রতি আফগানিস্তানবিষয়ক ইউরোপীয় ইউনিয়নের বিশেষ দূত হিসেবে দায়িত্ব নিয়েছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আফগানিস্তান সফর।
সূত্র : আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাখতার নিউজ এজেন্সি











