spot_img
spot_img

জনগণ ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না: আইনমন্ত্রী

বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

তিনি বলেছেন বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না, আর বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে লাভ হবে না। যারা এমনটি ভাবছেন, তারা এখনো বাংলাদেশের মানুষকে চিনতে পারেননি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে বলে মনে করছেন, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। যারা এসব বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও দেশের মানুষ দেখছে।

সরকারের গত প্রায় নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আসাদুজ্জামান বলেন, এ সময়ে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের পুরোনো সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে।

রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সেই পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।

সাংবাদিকতার প্রতি মানুষের আস্থার কথা উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, মানুষ কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার (ইয়েলো জার্নালিজম) বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান-মর্যাদা ও পরবর্তী প্রজন্মের স্বার্থেই সাংবাদিকদের এ বিষয়ে এগিয়ে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকারের কোনো ভুল কিংবা কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে তা সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। সেই সমালোচনা তাঁর নিজের বিরুদ্ধে গেলেও কোনো সমস্যা নেই। একইভাবে সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা-ও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। এ সময় ফোরামের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ