মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হাদিকে গুলির ঘটনায় যশোরের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িতরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যেই নিরাপত্তা জোরদার হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সীমান্তে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার এলাকাজুড়ে কড়া তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। এরই অংশ হিসেবে বেনাপোল আইসিপি, আমড়াখালী, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া এবং পাঁচপিসতলা এলাকাসহ সীমান্ত-সংলগ্ন বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ