গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে কুয়াশা, কনকনে শীত উপেক্ষা করেই লাখ লাখ মুসল্লির পদভারে পরিপূর্ণ। দেশের বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন দেশ থেকে দলবেঁধে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে। ইজতেমার দ্বিতীয় দিনে নগদ দেনমোহরে শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তায়ালা আ’নহা ও হজরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আ’নহু-এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে মোহরে ফাতেমী প্রদানের মাধ্যমে শতাধিক বিয়ের খুতবা প্রদান করেন হাফেজ মাওলানা জোবায়ের।
শনিবার (১৪ জানুয়ারি) বাদ আছর ময়দানের পশ্চিম-উত্তর দিকে দোয়া মঞ্চ থেকে এ বিয়ে পড়ানো হয়েছে বলে জানান বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মাওলানা জহির ইবনে মুসলিম।
জহির ইবনে মুসলিম বলেন, কয়েক বছর বন্ধ থাকার পর এবার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন গণবিয়ে। বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে শতাধিক গণবিয়ে অনুষ্ঠিত হয়। বাদ আসর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উপস্থিত মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।











