ইউক্রেনের ঘটনা নিয়ে পশ্চিমা সংবাদ সংস্থাগুলোর খবর, নিবন্ধ এবং ইউরোপীয় ও আমেরিকান বিশ্লেষকদের লেখা কখনো কখনো পক্ষপাতদুষ্ট এবং রাশিয়াবিদ্বেষী। এগুলো বাংলাদেশের কিছু সংবাদপত্রসহ প্রচারমাধ্যমেও ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি।
রবিবার (১৩ মার্চ) গণমাধ্যম সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এমন অভিযোগ তুলেন।
দীর্ঘ চিঠির শেষ অনুচ্ছেদে রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন পরিস্থিতি এবং সেখানে রাশিয়ার কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি পক্ষপাতদুষ্ট। যে শক্তিগুলো বাংলাদেশ ও রাশিয়ার সহযোগিতামূলক সম্পর্ক বিনষ্ট করতে চায়, এটি তাদের ইচ্ছার প্রতিফলন।
রুশ রাষ্ট্রদূত দাবি করেন, রাশিয়া ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং চারটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। এগুলো হলো—আট বছর ধরে ইউক্রেনে ‘জেনোসাইডের’ শিকার রুশভাষী বেসামরিক নাগরিকদের রক্ষা, নব্য ফ্যাসিবাদ নির্মূল, ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের বিকাশ রোধ এবং ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপন বন্ধ করা।
তার দাবি, রাশিয়ার পার্লামেন্টের অনুমতি নিয়ে জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ৫১ (সপ্তম অধ্যায়) অনুসারে এবং দোনেস্ক গণপ্রজাতন্ত্রের সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সহায়তা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করেছে।
আলেকজান্ডার ভি মন্টিটস্কি বলেন, আমরা ইউক্রেনের ভূখণ্ড দখলের পরিকল্পনা করছি না। আমরা ইউক্রেনের জনগণের সঙ্গে যুদ্ধ করছি না। আমরা জোর করে কারো ওপর কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা বহুবার ব্যাখ্যা করেছি। ইউক্রেনের পরিস্থিতি রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্রের গবেষণাগারের প্রমাণ পাওয়া গেছে।










