বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগের মতো নির্বাচন করার জন্য এ সরকার আর একটি নির্বাচন কমিশন গঠন করেছে। আপনারা জানেন তারা গণতন্ত্র সম্পর্কে কি করছে। নির্বাচন সম্পর্কে কি করছে। নির্বাচন কমিশন গঠন করেছে যাতে আরেকটা সে ধরনের নির্বাচন করা যায়। এবার মানুষ আর সেটা শুনবে না। এবার মানুষ রুখে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াবে ইনশা আল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনও পরাজিত হয়নি। এদেশের মানুষ রুখে দাঁড়াবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে।
সোমবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভা ও দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের বিষয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। সরকার সেটাকে অস্বীকার করছে। মন্ত্রীরা হেসে হেসে বলেন- দাম যেমন বেড়েছে আয়ও বেড়েছে। কার আয় বেড়েছে? এরা জিডিপির শুভঙ্করের ফাঁকি দেখায়। জিডিপি কাকে বলে। সবকিছু মিলিয়ে যেটা আসে তাকে বলে জিডিপি। তারপরে বলে পার কেপিটা ইনকাম (মাথাপিছু আয়) এত হয়েছে। কিভাবে হিসাব করে। আমি আয় করি মাসে ৫০ হাজার টাকা, আর আমার যে ভাই আয় করে মাসে পাঁচ হাজার টাকা। দুটো কি এক? দুটো মিলিয়ে যদি হিসাব করেন তাহলেতো ওর আসবে ২৫ হাজার, আমার আসবে ২৫হাজার। এই দেশের ৯০ভাগ মানুষের আয় কম। দারিদ্রের সংখ্যা শতকরা দুই ভাগ বেড়েছে।










