পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নেপাল, ভুটান, পাকিস্তান ও ভারত যেখানেই যাবেন বাংলাদেশের নাম সবার মুখে শুনবেন। তারা যতবার আমাদের দেশের নাম উচ্চারণ করেন, তাদের নিজেদের দেশের নামও এতবার উচ্চারণ করেন না। কারণ, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, দুর্নীতিমুক্ত শান্তির দেশ।
সোমবার (১৪ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সেবা কার্যক্রম উদ্বোধনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে ও মেডিক্যাল কর্মকর্তা ডা. আফরিন আক্তারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক হিমাংশু লাল রায়, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও সুনামগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিত মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান প্রমুখ।










