spot_img

সরকার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হচ্ছেন ইমরান খান ও মাওলানা ফজলুর রহমান

পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে যাচ্ছেন ইমরান খান ও মাওলানা ফজলুর রহমান। নির্বাচনে ভোট কারচুপির প্রতীবাদে আন্দোলনে একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ ও মাওলানা ফজলুর রহমানের দল জমিয়তে উলামায়ে ইসলাম এফ। এক টেলিভিশন টকশোতে একথা জানান তেহরিকে ইনসাফের মুখপাত্র রউফ হাসান।

রউফ হাসান বলেন, মাওলানা ফজলুর রহমানের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমাদের মধ্যকার ভুল বুঝাবুঝি ও দূরত্ব কমে এসেছে। সম্পর্ক ঘনিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে। আশা করছি, পুতুল সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনে তিনি পূর্ণ শক্তির সাথে যোগ দিবেন।

তিনি বলেন, মূলত ইমরান খানের নির্দেশেই মাওলানা ফজলুর রহমানের সাথে ধারাবাহিক ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরিকে ইনসাফ। মাওলানা ফজলুর রহমানের দল জমিয়তের সাথে আমাদের সক্রিয় কর্মমুখী সম্পর্ক স্থাপিত হয়েছে। আমরা তাদের সরকার বিরোধী আন্দোলনগুলোতে পূর্ণ সমর্থন দিবো এবং তারাও আমাদের আন্দোলনে সমর্থন দেবে।

এক প্রশ্নের জবাবে তেহরিকে ইনসাফের মুখপাত্র রউফ হাসান বলেন, হতে পারে আগামীতে ইমরান খান ও মাওলানা ফজলুর রহমান একত্রে সংবাদ সম্মেলনও করতে পারেন। ইমরান খান কারামুক্ত হলে এরও সম্ভাবনা আছে।

এর আগে পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ইমরান খানের দল তেহরিকে ইনসাফের হাতে পাকিস্তানের ক্ষমতা তুলে দিতে সাবেক জোটসঙ্গীদের প্রতি আহবান জানিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান।

ইমরান খানের কট্টর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা ফজলুর রহমানের এমন বক্তব্যে পাকিস্তান জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মাওলানা ফজলুর রহমান বলেছিলেন, আমি শাহবাজ শরিফ ও বিলওয়াল ভুট্টোকে বলব, আপনারা জনগনের প্রতিনিধি হয়ে থাকুন। রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিন। তেহরিকে ইনসাফের হাতে ক্ষমতা তুলে দিন। কেননা তারাই নির্বাচনে সবচেয়ে বেশি আসন লাভ করেছে। এটি তাদের প্রাপ্য। যদিও আমি জানি যে, আমার এসব কথা অনেকের কাছে মূর্খতা মনে হবে।

সূত্র : এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ