আজারবাইজান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
বুধবার (১৪ জুন) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবিষয়ে একটি বিবৃতি জারি করা হয়।
বিবৃতিতে বলা হয়, বুধবার ২দিনের সফরে আজারবাইজান যাচ্ছেন শাহবাজ শরীফ। পাকিস্তানে বিনিয়োগ, বাণিজ্য ও প্রাকৃতিক শক্তি আমদানিতে চুক্তি সাক্ষরের কথা রয়েছে এই সফরে।
এছাড়া দ্বিপাক্ষিক সহায়তা বৃদ্ধি, দু’দেশের উদ্বেগ, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আজারী প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে মতবিনিময় করবেন তিনি।
এর আগে মঙ্গলবার (১৩ জুন) পাকিস্তান পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী মুসাদ্দেক মালিক এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সাম্প্রতিক চুক্তি মোতাবেক এখন থেকে প্রতি মাসে বাকু ইসলামাদকে স্বল্প মূল্যে প্রাকৃতিক তরল গ্যাস (এলএনজি) সরবরাহ করবে। বাণিজ্য ও নিরাপত্তা খাতে সহযোগিতায় দু’দেশের মধ্যকার সম্পর্ক সম্প্রতি আরো বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য; এলএনজি আমদানির চূড়ান্ত চুক্তিকে কেন্দ্র করে এটি হতে যাচ্ছে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রথম আজারবাইজান সফর।
সূত্র: আনাদোলু










