আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ২০১৪ সালেও নির্বাচন বানচাল করতে চেয়েছিল। পাঁচশ’ ভোটকেন্দ্র পুড়িয়ে, নির্বাচন কর্মকর্তাসহ মানুষ পুড়িয়েও পারেনি, ভোট হয়েছে। ২০১৮ সালেও প্রথমে বয়কট ও পরে অংশ নেয় তারা। সাড়ে ১২ বছর ধরে তাদের তর্জন-গর্জন শুনে আসছি, খালি কলসি বাজে বেশি।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার সেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গন্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেই অপচেষ্টা। বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সে কারণেই তারা সব সময় পেছনের দরজা খোঁজে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা থেকে ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব খতিয়ে দেখার উদ্যোগ সম্পর্কে
জানতে চাওয়া হলে তিনি বলেন, পত্রিকায় এটি দেখেছি। সরকার এটি দেখতেই পারে। কিন্তু কি কারণে এটি করা হলো সেবিষয়ে আমি খোঁজ নেব।











