বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটা দালাল গোষ্ঠী। বিদেশিদের পা চেটে এরা সরকারকে টিকিয়ে রাখতে চায়। এ সরকারকেই যখন আমরা মানি না, তখন ইসিকে মানব কেন?
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বর্তমান নির্বাচন কমিশনার নাকি গণতন্ত্র চায়। এই লোক ভাবতে পারছে না বিশ্বের বুকে তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো যদি উনি বলতেন নিরপেক্ষ সরকার ছাড়া সঠিকভাবে নির্বাচন করতে না পারলে আমি নির্বাচন করব না। যদি উনি পদত্যাগ করতেন তাহলে ওনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকত।
তিনি বলেন, আমার প্রশ্ন হলো এই নির্বাচন কমিশন কে? কোত্থেকে এসেছে? অবৈধ, নিশিরাতের ভোট নেওয়া সরকার যাকে নিয়োগ করেন সে কি বৈধ নির্বাচন কমিশন? এই অবৈধ নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরে বা ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। বাপের তালুকদারি পাইছে আরকি! তারা বলল আর হয়ে গেল। আর আমরা বসে আঙ্গুল চুষব?
মির্জা আব্বাস বলেন, বর্তমান ইসি আওয়ামী লীগের তোষামোদি করছে। তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করছে। এসব লোকজন লেখাপড়া করে জ্ঞানপাপী হয়ে যাচ্ছে। এরা দেখেছে আওয়ামী লীগ সরকার ধীরে ধীরে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে।










