কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির সময় মানুষ না খেয়ে মারা যেতো, আর এখন সবাই পেট ভরে ভাত খেতে পারে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আশ্বিন-কার্তিক মাসে বেশিরভাগ মানুষের ঘরে খাবার থাকত না, মঙ্গা হতো, দুর্ভিক্ষ হতো, মানুষ না খেয়ে মারাও যেতো। অন্যদিকে গত ১৩ বছরে একটি মানুষও না খেয়ে কষ্ট করে নি। আজকে সবাই পেট ভরে ভাত খেতে পারে।
তিনি বলেন, বিএনপির আমলে দেশে খাদ্যের চরম ঘাটতি ছিল। ভিক্ষার মনোবৃত্তি নিয়ে তারা দেশ পরিচালনা করেছিল। খাদ্যের ঝুলি নিয়ে তারা সারা পৃথিবী ঘুরে বেড়াত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে ৫ বছরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন।
সূত্র: বাসস










