প্রাণঘাতী করোনার টিকা গ্রহণে রাজি না হওয়ায় মার্কিন বিমান বাহিনীর ২৭ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকার করার জন্য এই বাহিনীর ২৭ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীতে টিকা নেওয়ার বাধ্যতামূলক আইন অমান্য করার কারণে এই প্রথম বিমান বাহিনীর সক্রিয় দায়িত্বপালনকারী সদস্যদের বরখাস্ত করা হলো।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।
গত আগস্ট মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সামরিক বাহিনীর সমস্ত সদস্যের জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেন এবং এ পর্যন্ত বেশিরভাগ সেনাসদস্য অন্তত এক ডোজ টিকা নিয়েছেন।
মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র অ্যান স্টিফানেক বলেন, বরখাস্ত হওয়া যেসব সেনা সদস্য করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকার করেছিলেন তাদেরকে এর ব্যাখ্যা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তাদের কেউ এই সুযোগ গ্রহণ করেনি।











