spot_img
spot_img

ঐক্যের মাধ্যমে ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্য ধরে রেখে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রতিহত করতে হবে। কারণ শেখ হাসিনা এখনও সক্রিয় রয়েছে, সে আবারও ফিরে এসে ক্ষমতা নিতে চায়। তাই আমাদের সজাগ থাকতে হবে-যাতে ফিরে আসতে না পারে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার ইতিহাস বিকৃতি করেছে। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতির চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করেছে। এখনও একটা প্রবণতা দেখা যাচ্ছে-আর তা হলো ৭১ কে পেছনে রাখা। ৭১ সালকে পিছিয়ে রাখা আরেকটি ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র। মূল ইতিহাস থেকে জাতিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। সজাগ থাকতে হবে- এখন যেনো ইতিহাসকে আবার কেউ বিকৃত না করে।

স্যোশাল মিডিয়ায় দলীয় নেতা-কর্মীদের আরও বেশি সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। কারণ স্যোশাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণেই ছাত্র জনতা মাত্র দুই মাসে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়। ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন ব্যবস্থার দিকে যেতে যে কাজ, ধৈর্য্য ধরা দরকার সে বিষয়গুলো আমরা ভুলে যাচ্ছি। তিনি বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার জনগণকে প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিবে। নির্বাচনী পরিবেশ তৈরি হবে, দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, এমন দিবসকে অবহেলা করবেন না, ভুলে যাবেন না জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাক হানাদার বাহিনী দেশীয় আলবদর বাহিনীর মাধ্যমে ধরে ধরে নৃশংসভাবে হত্যা করেছে। ফ্যাসিস্ট সরকারও আয়নাঘর বানিয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের খুন, গুম করেছে। তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা, গণতন্ত্রকে যতক্ষণ পর্যন্ত সংস্কৃতিতে পরিণত করতে না পারবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ