দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গী তুরাগ তীরের বিশ্ব ইজতেমা।
রোববার (১৫ জানুয়ারি) বেলা ১০টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা জুবায়ের হাসান।
মোনাজাতের আগে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়াতি বয়ান। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এবাদত, বন্দেগী, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।
প্রচণ্ড শীত ও তীব্র কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে দলে দলে ইজতেমাস্থলে আসেন।
সরেজমিন দেখা গেছে, ভোর ৪টা থেকে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের দিকে ছুটে যাচ্ছেন। অনেক মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।











