ঘূর্ণিঝড়ের পর এবার প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় ৪০ হাজার বাসিন্দা এ কম্পন টের পান।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। ‘ভীতিকর’ এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।
এ ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।
এদিকে নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর একদিন পরই আবার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।
সংবাদমাধ্যম নিউজটক জেইডবি-এর সাংবাদিক অ্যারন ডেহমান জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি ওয়েলিংটনে নিজ বাড়িতে ছিলেন। শুরুতে একটি বড় ধাক্কার পর সবকিছু অস্বাভাবিকভাবে দুলতে থাকে।
সূত্র: ডেইলি মেইল











