spot_img

ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল পেন্টাগন

চলতি সপ্তাহের শুরুতে ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয়জন ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন।

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে পেন্টাগন জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেনি।

গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (কেসি-১৩৫) আকাশে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। অভিযানের সঙ্গে যুক্ত আরেকটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পেন্টাগন জানায়, দুর্ঘটনায় নিহত ছয়জন ক্রু সদস্য হলেন, আলাবামা অঙ্গরাজ্যের অবার্নের বাসিন্দা জন ক্লিনার (৩৩), ওয়াশিংটন অঙ্গরাজ্যের কোভিংটনের বাসিন্দা আরিয়ানা সাভিনো (৩১), কেন্টাকির বার্ডসটাউনের বাসিন্দা অ্যাশলি প্রুইট (৩৪), ইন্ডিয়ানার মুরসভিলের বাসিন্দা সেথ কোভাল (৩৮), ওহাইও অঙ্গরাজ্যের উইলমিংটনের বাসিন্দা কার্টিস অ্যাংস্ট (৩০) এবং ওহাইওর কলম্বাসের বাসিন্দা টাইলার সিমন্স (২৮ )।

পেন্টাগন জানায়, তারা সবাই ওই বিমানের ক্রু সদস্য ছিলেন এবং দুর্ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন। নিহতদের মধ্যে তিনজন মার্কিন বিমানবাহিনীর এবং বাকি তিনজন মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য।

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা মিত্রবাহিনীর ভুলবশত গুলিবর্ষণের কারণে ঘটেনি।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ