পাকিস্তানকে ১ বিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (১৪ এপ্রিল) আইএমএফের ঋণ খেলাপীর দারপ্রান্তে থাকা দেশটিকে ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তার কথা জানায় আরব আমিরাত।
এ বিষয়ে পাক অর্থমন্ত্রী ইসহাক দার এক টুইট বার্তায় জানান, আমিরাতের অর্থ সহায়তার ঘোষণা অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ইসলামাবাদের জন্য বৈশ্বিক ঋণদাতা সংস্থার কাছ থেকে অর্থ বরাদ্দ পাওয়ার পথ উন্মুক্ত করে দিতে পারে।
তিনি আরো জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক সূত্রে আরব আমিরাত সরকার পাকিস্তানকে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের বিষয়টি আইএমএফকে নিশ্চিত করেছি। আমরা এখন আমিরাত সরকার থেকে অর্থ সহায়তা ডিপোজিট নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছি।
পাকিস্তানের অর্থনীতিবিদ হাসান খাওয়ার বলেন, অতীতেও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন আশার বাণী শুনানো হয়েছিল কিন্তু তা দুরাশাই রয়ে গেছে। দেশে যা কিছু হচ্ছে এবং হতে চলেছে সেই পরিপ্রেক্ষিতে এসব বক্তব্য এখন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তবে আমি আশা করব, পাকিস্তানে যেনো সত্যিই আইএমএফের ঋণ সহায়তা আসে।
জানা যায়, মারাত্মক অর্থনৈতিক দূরাবস্থা কাটাতে আইএমএফের কাছে ঋণ চেয়েছিল পাকিস্তান। দেশের অর্থনীতিতে ভারসাম্য ও আন্ত:বাণিজ্যের ক্ষেত্রে ঋণ নেওয়া অপরিহার্য হয়ে পড়েছিলো দেশটির জন্য। কারণ তাদের রিজার্ভে ডলারের পরিমাণ কমতে কমতে বর্তমানে ৪ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে।
সম্প্রতি আইএমএফের ১.১ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্যাকেজ নিতে ব্যর্থ হয় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে পড়া দেশটি। রাজস্ব আদায় ও এর পলিসি সংশ্লিষ্ট বিষয়ে আইএমএফ প্রতিনিধিদের সন্তুষ্ট করতে না পারায় তারা ঋণ সহায়তা প্যাকেজ প্রদানকে পিছিয়ে দেয়। এছাড়া আগের গৃহীত ঋণের নিয়ম মাফিক অর্থ প্রদানের ঘাটতিও নতুন ঋণ প্যাকেজ না পাওয়ার একটি বড় কারণ।
সূত্র: আল জাজিরা











