spot_img

শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সসীমা ১৮ তে নামিয়ে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সসীমা ১৮ তে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ১৮ বছরের বেশি বয়স্ক শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠানে জাহিদ মালেক এ মন্তব্য করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন স্থাপিত আইসিইউ ইউনিট ও বেড উদ্বোধনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

দেশের সরকারি হাসপাতালগুলোর ৭৫ শতাংশ বেড ও ৭৫ শতাংশ আইসিইউতে করোনা রোগী ভর্তি আছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পরিস্থিতি মোকাবিলায় জেলাপর্যায়ে আরও ৫০০০ বেডের আইসোলেশন সেন্টার করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে লকডাউনের সুফল কিছুটা পেতে শুরু করেছি। রাজশাহী, খুলনা, দিনাজপুরে রোগীর চাপ কমছে।

তিনি বলেন, দেশে এখনও ৪৫ লাখ ভ্যাকসিন মজুদ আছে। আরও ১ কোটি চায়নায় অর্ডার দেওয়া আছে। প্রতিমাসে পালাক্রমে আসবে। আগামী মাসে ফাইজার ও অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনও আসবে।

বর্তমানে একসঙ্গে প্রায় তিন কোটি ডোজ ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা সরকারের আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সংরক্ষণ সক্ষমতা বাড়াতে আরও কিছু ফ্রিজার কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ