spot_img

ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে : জি এম কাদের

ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেছেন, দেশের ঋণের পরিমাণ ১৬ লাখ কোটি টাকা। আগামীতে সুদসহ এ ঋণ পরিশোধ করতে হবে। তখন দেশের অবস্থা ভয়াবহ হতে পারে।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে জুরাইন রেলগেটে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি এ সভার আয়োজন করে।

জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে অনেক মিল। করোনাকালে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার। আবার দশ বছর গৃহযুদ্ধ করেও দেউলিয়া হয়নি শ্রীলঙ্কা। শুধু ঋণের বোঝা টানতে গিয়ে দেউলিয়া হয়েছে দেশটি। আবার শ্রীলংকা ও বাংলাদেশে একই রাজনৈতিক বাস্তবতা। আর একারণেই বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। দুটি দেশেই কোথাও জবাবদিহিতা নেই। এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি।

মেগা প্রকল্পের মাধ্যমে হাজার কোটি টাকা পাচার হচ্ছে দেশ থেকে বলে মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, আমরা আর কোনো মেগা প্রকল্প চাই না। আমরা চাই, মানুষ যেন খেয়ে-পরে বাঁচতে পারে। মানুষ যেন হাসপাতালে গিয়ে সহজে সুচিকিৎসা পায়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ