spot_img

সরকার অনেক আলেম-উলামাদের গ্রেপ্তার করেছে, অনেককে ফাঁসি দিয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুক্রবার জুমার খুতবায় কী বলবে কী বলবে না তা সরকার ঠিক করে দেয়। বলে দেয় এই খুতবা পড়বেন আর এই খুতবা পড়বেন না। আমাদের খুতবাও নিয়ন্ত্রণ করবে তারা। আমাদের অনেক আলেম-উলামাকে গ্রেপ্তার করেছে, ফাঁসি দিয়েছে অনেককে, খুন করেছে অনেককে। আমাদের নেতাদেরকে বিনা কারণে মিথ্যা মামলা সাজিয়ে সাজা দিয়েছে। তার দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে বৃহত্তর নোয়াখালীর পাঁচ জেলার ‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’ কর্মসূচির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, গত কয়েক বছর ধরে আমরা সভা করছি, দাবি জানাচ্ছি, মিছিল করেছি। কিন্তু আমরা একটা জিনিস করিনি, সেটি হলো হরতাল। আমরা অবরোধ করিনি। পদযাত্রা করে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সকল হেডকোয়ার্টার দখল করে নেব। আমরা হরতাল-অবরোধ দেইনি, পদযাত্রা করে জনগণকে সঙ্গে নিয়ে সরকার ফেলে দেব।

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

সমাবেশ শেষে পদযাত্রাটি শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে একলাশপুর বাজারে গিয়ে শেষ হয়। কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎসজীবী দলের আয়োজনে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ