বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে শোক প্রকাশ করেছে শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক।
তিনি বলেন, দেশবরেণ্য মুফাসসিরে কুরআন, সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ.-এর কারাবন্দী অবস্থায় মৃত্যু জাতির জন্য খুবই হৃদয়বিদারক এক স্মৃতি হয়ে থাকবে। তাঁর চলে যাওয়ায় আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনা করছি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) শায়খুল হাদীস পরিষদের উদ্যোগে জোন দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে গতকাল (১৪ আগস্ট) সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তিকাল করেন।
মাওলানা মাহফুজুল হক বলেন, তিনি মুক্ত থাকা অবস্থায় কুরআনের অসামান্য খেদমত করে গিয়েছেন। সমাজ থেকে কুফর-শিরক দূরিকরণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-সহ দেশের বিভিন্ন আলেমদের সাথে তিনি সুসম্পর্ক বজায় রাখতেন। বিভিন্ন সময় মুসলমানদের ঐক্য গঠনে তার ভূমিকা স্মরণীয় হয়ে আছে।
শায়খুল হাদীস পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে, সভায় আরও বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মুহসিনুল হাসান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামিয়া রাহমানিয়া আজিজিয়ার নায়েবে মুহতামিম মুফতী আশরাফুজ্জামান, শায়খুল হাদীস পরিষদের সহ-সভাপতি মাওলানা মাহবুবুল হক, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবুল হাসানাত জালালী, অর্থ সম্পাদক মাওলানা শামছুল আলম, অফিস ও আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ মাসনুন, দাওয়াহ সম্পাদক মাওলানা আল আমীন, যুগ্ম-দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মোস্তফা, যুগ্ম-অর্থ সম্পাদক মাওলানা রুহুল আমীন, যুগ্ম-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমীন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ূন কবীর, মাওলানা মাহফুজ হায়দার, যুগ্ম-অফিস সম্পাদক মাওলানা মুবাশ্বির আহমাদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা মাসরুরুল হক, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী ও মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।











