spot_img

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২-এ কঠোর নিরাপত্তা

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশ ও র‍্যাব সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। পাশেই একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলার প্রস্তুতি হিসেবে জলকামানটি আনা হয়েছে বলে জানা গেছে।

সকাল থেকে সেখানে কেউ ফুল দিতে আসেনি বলেও জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

সাধারণ মানুষের চলাচল ও এলাকায় প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ১৫ আগস্টকে ঘিরে শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ