ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ বলেছেন, “আমরা জাতিকে আশ্বস্ত করছি, আমাদের সমস্ত শক্তি ও সক্ষমতা দিয়ে আমরা দেশ, দেশের জনগণ, তাদের সম্পদ ও মর্যাদা এবং ইসলামি ব্যবস্থা রক্ষা করব।”
শনিবার (১৫ আগস্ট) ইমারাতে ইসলামিয়ার আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পঞ্চম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
মাওলানা ইয়াকুব বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও ইসলামি ব্যবস্থা রক্ষায় আফগানিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, জনগণের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষায় নিরাপত্তা বাহিনী তাদের সর্বশক্তি প্রয়োগ করবে।
তিনি আরও সতর্ক করে বলেন, সারা আফগানিস্তানে কাউকে নিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।
প্রসঙ্গত, দীর্ঘ দুই দশকের যুদ্ধ ও বিদেশি সামরিক আগ্রাসনের পর ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। সেদিন রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় ইমারাতে ইসলামিয়া এবং পতন ঘটে আমেরিকা-সমর্থিত সরকারের। দিনটিকে বিদেশি দখলদারিত্বের বিরুদ্ধে বিজয় ও দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন হিসেবে স্মরণ করে আসছে ইমারাতে ইসলামিয়া।
সূত্র: আরিয়ানা নিউজ










