চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ-গ্যাস নিয়ে বিরোধী দল হঠকারী আন্দোলন করছে।’ একই সঙ্গে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে, দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।’
বিরোধী দলের সমালোচনা করে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস দেওয়ার কাজ শুরু হবে। উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করবে সরকার।’










