জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আমার মনে হচ্ছে আমরা শান্তি থেকে এখনো অনেক দূরে রয়েছি। যদি আমি বলি দ্রুতই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হবে তাহলে সেটি মিথ্যা বলা হবে।
বুধবা্র (১৪ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, বর্তমান মুহূর্ত নিয়ে আমার কোনো মোহ নেই, শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এমনকি যুদ্ধবিরতির সম্ভাবনাও দেখছি না
জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আশা করা যায় এক সময় হয়তো উচ্চপর্যায়ের আলোচনা সম্ভব হবে।
তিনি বলেন, চলতি বছরে কয়েক দফা দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে। রাশিয়া থেকে যদিও খাদ্য এবং সার রপ্তানির সামান্য ব্যবস্থা হয়েছে তবে তা প্রয়োজনে তুলনায় খুবই কম।
তিনি আরও বলেন, সারের অভাব আন্তর্জাতিক পর্যায়ে এতটা নাটকীয়ভাবে বেড়েছে যে এই সংকটের কারণে এরইমধ্যে ফসল চাষের পরিমাণ কমে গেছে। এ অবস্থা সামাল দিতে রাশিয়া থেকে বিশেষ করে ইউরিয়া সার রপ্তানি করা খুবই জরুরি।
সূত্র: পার্সটুডে











