তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু মানুষ মাটির নিচে আটকা পড়ে আছেন।
জানা গেছে, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন মানুষ খনিতে কাজ করছিলেন। তাদের প্রায় অর্ধেক মানুষ ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন জানান, খনি থেকে ৫৮ জন শ্রমিক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছে।
জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেয বলেন, আমরা খনিতে উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-খনিতে জমে থাকা জ্বলনযোগ্য গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয় বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি।











