আধুনিক বিশ্বের চোখের সামনে আরো একটি ‘নাকাবা’ ঘটানোর পরিকল্পনা করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সরকার বলে দাবি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ওসামা হামদান। যার মাধ্যমে ১৯৪৮ সালে পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনের মাটিতে অবৈধ ইসরায়েলি রাষ্ট্রের জন্ম হয়। ফলে পূর্বপুরুষের ভিটে–মাটি থেকে উৎখাত হতে হয়েছিল লাখ লাখ ফিলিস্তিনিকে। জীবন বাঁচাতে এসব ফিলিস্তিনিরা আশ্রয় নেয় পার্শ্ববর্তী দেশগুলোতে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজ্জার হাসপাতালগুলোকে হামাসের অন্যতম ঘাঁটি বলে যে দাবি করা হয়েছে তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন ওসামা হামদান।
তিনি বলেন, “গাজ্জা উপত্যকার মাটির নিচে টানেলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে হামাসের। এক্ষেত্রে হামাসের কেন্দ্রীয় নেতৃত্ব প্রদানের জন্য হাসপাতাল ব্যবহারের প্রয়োজন নেই।”
তিনি আরো বলেন, “হাসপাতাল গুলো লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর আক্রমণ পরিচালনার অন্যতম উদ্দেশ্য হলো জাতিগতভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা।”
এছাড়াও তেল আবিবের এমন দাবি খন্ডনের জন্য জাতিসংঘকে উদ্দেশ্য করে একটি আন্তর্জাতিক কমিটি গঠন ও হাসপাতালগুলো পরিদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আজ বুধবার ভোরে গাজ্জার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালে আক্রমণ শুরু করেছে বর্বর ইসরাইলি বাহিনী। যেখানে হাজার হাজার রোগী, স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিক আশ্রয় গ্রহণ করেছে।
সাক্ষাৎকারে তিনি আরো বলেন, গাজ্জা উপত্যকায় ইসরাইলের স্থল অভিযান শুরুর পর থেকে এখনও পর্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে হামাস। সেই সঙ্গে দখলদার বাহিনীর ১৮০ টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে ‘আরো বড় ও শক্তিশালী’ আক্রমণ চালানো হবে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে।
সূত্র: প্রেস টিভি











