করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় স্বস্তির কথা জানিয়েছে লো মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, ওমিক্রনের বিরুদ্ধে ৮৯ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে তাদের তৈরি খাওয়ার ট্যাবলেট। প্রায় আড়াই হাজার ব্যক্তির ওপর ট্রায়ালে এ ফল পাওয়া গেছে বলে দাবি ফাইজারের।
দেশে দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া অতিসংক্রমণশীল এ ভাইরাস নিয়ে উদ্বিগ্ন বিশ্বের বিভিন্ন দেশ। নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় চলছে বিস্তর গবেষণা।
এমন পরিস্থিতিতে ওমিক্রন মোকাবিলায় সুখবর জানিয়েছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। কোম্পানিটির দাবি, করোনার নতুন ধরন রুখে দিতে ৮৯ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে তাদের উদ্ভাবিত খাওয়ার ট্যাবলেট। ২ হাজার ২৫০ জন রোগীর ওপর চালানো গবেষণা শেষে এ দাবি করেছে ফাইজার।
করোনা প্রতিরোধের পাশাপাশি ফাইজারের এ ট্যাবলেট করোনা রোগীর মৃত্যু ঝুঁকি কমানোর পাশাপাশি হাসপাতালে ভর্তির হার কমায় বলেও দাবি ফাইজারের। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি বয়স্কদের ক্ষেত্রেও ভালো কার্যকারিতা দেখিয়েছে ওষুধটি। আলাদা ল্যাবরেটরিতে পরীক্ষায় এ ফল পাওয়া গেছে বলে দাবি ফাইজারের।
কোম্পানিটির প্রত্যাশা, ওমিক্রন প্রতিরোধে শিগগিরই এ ওষুধ বাজারে ছাড়ার অনুমতি দেবে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ। অনুমতি পেলে অল্প সময়ের মধ্যে আমেরিকা ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে সরবরাহ করা হবে এ ওষুধ।
ফাইজার ছাড়াও করোনা প্রতিরোধে খাওয়ার ওষুধ উদ্ভাবনের কথা জানায় আমেরিকার আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক। করোনা প্রতিরোধে তাদের ওষুধ ৩০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে দাবি করা হলেও এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
সূত্র: রয়টার্স











