ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থেমে যাওয়ার দু-একমাস পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বুধবার (১৬ মার্চ) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এসএমই মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনার আগে প্রতি ব্যারেল পেট্রলের দাম ছিল ৪৩ ডলার। বর্তমানে আমাদের তা কিনতে হচ্ছে ১২০ ডলার দিয়ে। যদি সরকার ৪৩ ডলারেই তা দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে প্রচুর টাকা ভর্তুকি দিতে হয়। সরকার তাও দিতে পারতো। কিন্তু সরকার করোনার ভ্যাকসিন কিনতে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার কোটি টাকার মতো ভর্তুকি দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়তো যুদ্ধ থেমে যাওয়ার পর দুই-এক মাস থাকবে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।











