আফ্রিকার চার দেশে ১০ দিনের সফরের অংশ হিসেবে আলজেরিয়া থেকে ক্যামেরুনে পৌঁছেছেন পোপ চতুর্দশ লিও। সেখানে দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট পল বিয়ার উপস্থিতিতে দেওয়া এক ভাষণে পোপ দুর্নীতি ও প্রভাবশালীদের নেতিবাচক ভূমিকার কঠোর সমালোচনা করেছেন।
তিনি বলেন, বর্তমানে ধনী ও প্রভাবশালী ব্যক্তিরাই বিশ্বজুড়ে শান্তিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি আহ্বান জানান, কর্তৃপক্ষ যেন অবিলম্বে দুর্নীতি নির্মূল করে এবং ধনী ও প্রভাবশালীদের খেয়ালখুশি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়।
বুধবার (১৫ এপ্রিল) ক্যামেরুনের রাজধানী ইয়াউনদেতে দেশটির ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া এবং প্রধানমন্ত্রী জোসেফ ডিওন এনগুটেসহ সরকারের শীর্ষ নেতাদের সামনে পোপ এসব কথা বলেন।
তিনি বলেন, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান অন্তরায় হলো দুর্নীতির শৃঙ্খল, যা কেবল কর্তৃপক্ষকে কলঙ্কিতই করে না, বরং সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতাও ধ্বংস করে দেয়। ২০২৫ সালের নির্বাচনে অষ্টম মেয়াদে বিয়ার প্রার্থিতার আগে তার কন্যা ব্রেন্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার বিরুদ্ধে ভোট দেওয়ার যে ভিডিও বার্তা দিয়েছিলেন, তা পোপের এই সফরের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে।
ক্যামেরুনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোপ লিও দেশটির ইংরেজিভাষী অঞ্চলে চলমান দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, যুদ্ধ কেবল মৃত্যু ও ধ্বংসই আনে না, এটি তরুণ প্রজন্মের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎকে কেড়ে নিচ্ছে। “আর যুদ্ধ নয়” এই বার্তা দিয়ে তিনি নির্বাসন ও যন্ত্রণার অবসান ঘটানোর আহ্বান জানান।
সূত্র: রয়টার্স











