শিক্ষা খাতে বিপুল বাজেট বরাদ্দ থাকলেও কওমি ও হাফেজিয়া মাদরাসার উন্নয়নে সরকারের উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
দেশের শিক্ষাব্যবস্থায় এখনো চরম বৈষম্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) রাতে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে কওমি ও আলিয়া মাদরাসার গুণী উস্তাদ ও প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, তরুণদের মধ্যে নৈতিক শিক্ষা, কুরআনের চর্চা ও মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঢাকাকে মসজিদের নগরী বলা হয়। এই নগরের উন্নয়নে আলেম-ওলামা ও হাফেজদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমাজে ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। হাফেজদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে।
শিক্ষা খাতের বৈষম্যের কথা তুলে ধরে তিনি বলেন, কওমি ও হাফেজিয়া মাদরাসায় বিপুলসংখ্যক এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পড়াশোনা করে। অথচ এসব প্রতিষ্ঠানের উন্নয়নে পর্যাপ্ত রাষ্ট্রীয় বাজেট ও কার্যকর পরিকল্পনা নেই।
কওমি ও হাফেজিয়া মাদরাসার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সেলিম উদ্দিন আরও বলেন, ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এ ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার অন্তত এক লাখ শিক্ষার্থী অংশ নেবে। হাফেজ ও ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সমাজ ও নগর উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি জানান, প্রতিযোগিতায় ওমরাহ পালনসহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে। এই পুরস্কার শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা শায়খ হাফেজ আব্দুল হক্বসহ আলেম সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।











