আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) জঙ্গি সংগঠন বলায় চট্টগ্রামে দুই হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন ইসকনের সেবাদাশ জুয়েল শীল।
মামলার আসামিরা হলেন- প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও সহ-সভাপতি অধ্যাপক রণজিৎ দে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৬ জুন প্রেসক্লাবে একটি বক্তব্যে আসামিরা ইসকনকে একটি জঙ্গি সংগঠন হিসেবে মন্তব্য করেছেন। পরবর্তীতে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। বিষয়টি পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে এলাকায় মামলার বাদির দৃষ্টিগোচর হয়। এজন্য তিনি থানায় এজাহার দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ‘এজাহারে উল্লেখ থাকা কোনো আসামিই গ্রেফতার হয়নি। তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’












