spot_img
spot_img

আমেরিকায় বন্দুকধারীর গুলিতে পুলিশ নিহত, আহত ৩

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন পুলিশ সদস্য।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুলাই) অঙ্গরাজ্যের লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটে।

লিভল্যান্ড পুলিশের প্রধান অ্যালবার্ট গার্সিয়া বলেন, বৃহস্পতিবার এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, তার প্রতিবেশী অস্বাভাবিক আচরণ করছেন। তার হাতে বন্দুকের মতো কিছু একটা রয়েছে বলেও জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে একটি কালো গাড়ি দেখতে পায়। সেটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। পুলিশ ওই গাড়িতে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চাইলে একপর্যায়ে তিনি দরজা খুলে পুলিশের ওপর গুলি চালান। এতে সেখানে থাকা কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

অ্যালবার্ট গার্সিয়া আরও বলেন, গোলাগুলির পর গুরুতর আহত অবস্থায় সার্জেন্ট বার্টলেট নামের এক পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ