চলতি সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা বলে জানিয়েছেন দেশটির তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক। ওয়াশিংটন ও দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির মধ্যেই এ কথা বলেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) আমেরিকার রাষ্ট্রদূত টম ব্যারাক এ মন্তব্য করেন।
পডকাস্ট উপস্থাপক মারিও নওফালের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যারাককে জিজ্ঞেস করা হয়, চলতি সপ্তাহান্তে ইরানে হামলা হতে পারে কি না। জবাবে তিনি বলেন, “অবশ্যই পারে।” টম ব্যারাক তুরস্কে আমেরিকার রাষ্ট্রদূতের পাশাপাশি সিরিয়া ও ইরাকবিষয়ক বিশেষ দূতের দায়িত্বে রয়েছেন। তবে ইরান বিষয়ে তার সরাসরি কোনো দায়িত্ব নেই। সাক্ষাৎকারটির একটি অংশ ইসরাইলি আর্মি রেডিওতে প্রচার করা হয়।
ব্যারাক বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে “খুব স্পষ্ট”। তিনি বলেন, ট্রাম্প এ বিষয়ে আগ্রহী, প্রস্তুত এবং আলোচনার জন্য উন্মুক্ত। একই সঙ্গে তিনি বলেন, কয়েক মাস ধরে আলোচনার টেবিলে থাকা হচ্ছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার সামনে মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন রয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বারবার ইরানের ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাতের অঙ্গীকার করেছেন। গত বছর থেকে ইরানের বিরুদ্ধে দুটি বড় ধরনের বোমা হামলা অভিযান চালানোর পর তিনি এসব অঙ্গীকার করেন।
কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার পর ট্রাম্পও ইরানে আবার হামলা চালানোর বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। তবে এর আগে তিনি বলেছিলেন, ৩ নভেম্বর আমেরিকার কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন হওয়ার আগে এমন হামলা চালানো হবে না।
সূত্র: এএফপি, আলজাজিরা











