ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্প।
দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উত্তরপ্রদেশে পড়ানো হয় এনসিইআরটি-র বই। অর্থাৎ, কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি। সেখানে ইংরেজি পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটির ইংরেজি অনুবাদ ছিল ‘দ্য হোম কামিং’। আপত্তি তুলে এই সমস্ত লেখাগুলো সিলেবাস থেকে সরিয়ে দেয় যোগী আদিত্যনাথের সরকার।
অন্যদিকে কিছু দিন আগেই উত্তরপ্রদেশে যোগী সরকারের সুপারিশ অনুযায়ী চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠ্যক্রমে রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’ এবং যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’ অবশ্যপাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, লিবারাল লেখা বাদ দিয়ে হিন্দুত্ববাদী রচনা ঢোকানো হচ্ছে উত্তরপ্রদেশের সিলেবাসে। এটাই সত্যিকারের মগজধোলাই। ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই তৈরি হবে হিন্দুত্ববাদী চেতনা নিয়ে।












