ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণের জন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সুখে শান্তিতে বসবাস করার জন্য। দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নেই। ন্যায় বিচার নেই। চিকিৎসা নেই। মানুষের অধিকার বলতে নেই। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছে সরকার। ক্ষমতাসীন বুর্জোয়া গোষ্ঠী রাজনীতিকে পেটনীতিতে পরিণত করেছে। ভারতের সংবিধানের সাথে মিল রেখে এদেশে সংবিধান এবং নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়নি। এদেশ মুসলমানের দেশ, মুসলমানরাই এদেশে স্বাধীন করেছে।
আজ রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা শাখার উদ্যোগে উলিপুরের একটি মাঠে উপজেলা তৃণমুল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের পতনসহ অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে অনুষ্ঠিত তৃণমুল সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। থানা ও সহযোগি সংগঠনসমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মুফতী ফয়জুল করীম বলেন, বর্র্তমান সরকার ভোটের নামে প্রহসন করে, ভোটকেন্দ্র দখল করে দিনের ভোট রাতে নিয়ে বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জিতকরেছে। এতে করে ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায় এসে দাঁড়িয়েছে যে, বিদেশি শক্তিগুলো বিভিন্ন ছুতায় বাংলাদেশকে নানারকম নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে কেবলাত্র ক্ষমতাসীনদের বিদেশ তোষণনীতির কারণে।










