তালেবানের বিজয়ের মধ্য দিয়ে মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার পর ভারতে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন তার মন্ত্রিসভার অনেক সদস্য। ইতোমধ্যে অনেকে ভারতে গিয়ে পৌঁছেছেন।
গত শুক্রবার থেকেই আফগানিস্তানের রাজনৈতিক মহলের বেশ কিছু বড় নেতা ভারতে যেতে শুরু করেন।
গণমাধ্যমের খবরে বলা হয়, ওয়াহিদুল্লাহ কালিমজাই, আব্দুল আজিজ হাকিমি, আব্দুল কাদির জাজাই, মালেম লালা গুল, জামিল কারজাই, হামিদ কারজাই, শুকরিয়া এসাখেইল, মুহাম্মদ খান, আবদুল হাদি আরঘান্দিওয়াল, মুহাম্মাদ শরিফ শরিফি, মরিয়ম সোলাইমানখেইল প্রমুখ সংসদ সদস্যরা রয়েছেন সেই তালিকায়। আরও অনেকে সেই পথ অনুসরণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে আফগানিস্তানের কেন্দ্রীয় রাজধানী কাবুল বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান।
কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহেল শাহীন বলেছেন, যারা শত্রুদের সহযোগিতা করেছেন, তাদের জন্যও ইসলামিক আমিরাত আফগানিস্তানের দরজা খোলা।
তিনি বলেন, আমরা আগেও ক্ষমা করে দিয়েছি এবং আবারও বলছি, আসুন সবাই মিলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করি।












