আবারো বাংলাদেশের সীমান্তে একাধারে ৪ মর্টার শেল ছুড়ে মারলো মিয়ানমার; এতে ১ যুবক নিহত ও ৬জন গুরতর আহত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কোনার পাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে ঘুমধুম ইউপির ২নং ওয়ার্ড কোনার পাড়া এলাকার সীমান্তে। ওই এলাকায় রোহিঙ্গাদের বসবাস ছিল। সেটির বিস্ফোরণে ঘটনাস্থলে এক রোহিঙ্গা নিহত হন।
রোহিঙ্গা কমিউনিটির নেতা দিল মোহাম্মদ জানান, সন্ধ্যার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি, মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাত ৮টার দিকে শূন্য রেখায় বসবাসকারী রোহিঙ্গাদের ক্যাম্পে এসে পড়ে ৩টি মর্টার শেল। ক্যাম্পের নিটকবর্তী এলাকায় এসে পড়ে আরও ১টি মর্টার শেল।
তিনি বলেন, এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।
আরেক রোহিঙ্গা নেতা মোহাম্মদ আরিফ জানান, আহতদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই মিঠুন সিংহ জানান, মর্টারশেলটি সীমান্তে বিস্ফোরিত হওয়ার সংবাদ শুনেছি। তবে এ ঘটনায় আহত বা নিহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো যাবে।











