আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জনগণের সাথে প্রতারণা করছে। গণতন্ত্রের মোড়ক দিয়ে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। তারা জনগণের সাথে প্রতিনিয়ত মিথ্যা বলছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১০ টাকা কেজি ধরে চাল খাওয়ানো আর ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু এখন চালের দাম ৭০ টাকার নিচে নামছে না। আর বেকার সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবকে সামনে রেখে এই সরকার লকডাউন নামক খেলায় মেতে উঠেছে। এর ফলে অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে এখন রিকশা চালাচ্ছে। অথচ এসময় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে স্বাস্থ্য খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।











