spot_img

নির্বাচনের ফলাফল কাগজে কলমে লেখা আছে, ৭ তারিখে শুধু ঘোষণা : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ফলাফল কাগজে কলমে রাজধানীতে লিখে ফেলেছে। আগামী ৭ তারিখে শুধু সেই ফলাফল সরকার ঘোষণা দেবে। কাজেই এটা কোনো নির্বাচন নয়। এই নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, নির্বাচন কমিশন একটি নির্বাচনের তফসিল দিয়েছে। কোন নির্বাচন? যে নির্বাচনে তারা প্রকাশ্যে সব লজ্জা ভুলে গিয়ে দর কষাকষি করে সিট ভাগাভাগি করছে। এটার নাম তো গণতন্ত্র হতে পারে না। যদি সিট ভাগাভাগি করে এমপি নির্ধারিত হয় তাহলে তো এই নির্বাচন ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। এই সরকারের নৈতিক পরাজয় হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ