পাকিস্তানে হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেলুচি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে এই হামলা চালায় ইরান। এদিকে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান।
বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তানে জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।
রয়টার্স বলছে, জইশ আল আদল এর আগে পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে।
বিশদ কোনও বিবরণ না দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘এই ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।’
এছাড়া ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত দেশটির নুরনিউজ জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলো পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত।











