পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতি হওয়ার তথ্য ফাঁস করে পদত্যাগ করেছেন দেশটির একজন গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মকর্তা লিয়াকত আলী চাট্টা।
তিনি বলেন, যেসব প্রার্থী হেরে গিয়েছিলেন, তাদের জিতিয়ে দেওয়া হয়েছে। এসব অসঙ্গতির জন্য আমি দায় স্বীকার করছি এবং জানাচ্ছি, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এই কারচুপিতে জড়িত ছিলেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন ডেকে পদত্যাগ করেন লিয়াকত আলী চাট্টা।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করে আসছে, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এরমধ্যেই দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করলেন।
এই কর্মকর্তা আরও বলেন, দেশকে পেছন থেকে ছুরি মারার পর আমি ঘুমাতে পারছি না। এই অবিচারের জন্য আমার শাস্তি হওয়া উচিত। এছাড়া অন্য যারা এ অবিচারের সঙ্গে জড়িত ছিল তাদেরও শাস্তি দিতে হবে।
তিনি জানিয়েছেন, অব্যাহত মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। কিন্তু অনৈসলামিক উপায়ে মরতে চান না এবং সবাইকে বিষয়টি জানাবেন এটি ভেবে আত্মহত্যার চিন্তা বাদ দিয়েছেন।
সূত্র: পিটিআই










