spot_img
spot_img

মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়। মসজিদ থেকেই সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। যতবেশি মসজিদ নির্মিত হবে ততবেশি মুসল্লী তৈরি হবে। মানুষ যতবেশি নামাজের দিকে ধাবিত হবে সমাজ ততবেশি অপরাধমুক্ত হবে। নামাজ মানুষকে সকল ধরণের গর্হিত কাজ থেকে দূরে রাখে। মুসল্লিবিহীন মসজিদ কেয়ামতের লক্ষণ উল্লেখ করে তিনি মসজিদকে আবাদ রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, মডেল মসজিদের মাধ্যমে দেশে ইসলামী আবহ সৃষ্টি হচ্ছে এবং এতে করে দেশে ধর্ম পালনের যে ঐতিহ্য তা আরো বেগবান হবে। এ ছাড়া মানুষের নৈতিকতার উজ্জীবন ঘটবে।

তিনি আরো বলেন, মডেল মসজিদকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ আবর্তিত হবে। ধর্মীয় মূল্যবোধ, ইসলামি সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে। এই মসজিদ থেকেই সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলকে সোচ্চার হওয়ার অনুরোধ করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ। এদেশের সামগ্রিক উন্নয়নে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। তিনি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের ওপর গুরুত্ব আরোপ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ