ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান আলী লারিজানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরােইল।
মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ দাবি করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
তিনি বলেন, গতকাল সোমবার রাতে পৃথক হামলায় ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং বাসিজ কমান্ডার সোলেইমানিকে রাতারাতি নির্মূল করা হয়েছে। তাদের মৃত্যুর খবরটি তিনি এইমাত্র জানতে পেরেছেন।
অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ কাউন্সিলের সচিব আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে আলী লারিজানি নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
একইসাথে বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার কথাও দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
ইসরাইলের এই দাবিগুলোর বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এবং মেহের নিউজ জানিয়েছে, ‘শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি শিগগিরই একটি বার্তা দেবেন। বার্তাটি কয়েক মিনিটের মধ্যেই প্রকাশ করা হবে।’
সূত্র: টাইমস অব ইসরাইল, বিবিসি










