বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন করবে। এটা একদিকে আমাদের জন্য খুশির খবর, অপরদিকে চ্যালেঞ্জের। অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরগুলোকেও এগিয়ে আসতে হবে।
রবিবার (১৭ এপ্রিল) ঢাকার শেরেবাংলা নগরে পর্যটন ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত “ন্যাশনাল ওয়ার্কশপ অন দ্যা প্রপোজড টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান অফ দ্যা টু এলডিসি গ্রাজুয়েশন রিলেটেড সাব-কমিটি: প্রিফারেনসিয়াল মার্কেট একসেস অ্যান্ড ট্রেড এগিমেন্ট অ্যান্ড ডব্লিউটিও ইস্যুজ” শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, প্ল্যানিং কমিশনের এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স অ্যান্ড রুরাল ইনস্টিটিউশনস ডিভিশনের সদস্য (সচিব) শরিফা খান এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন।










